POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

হাবিবুর রহমান | প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে রায়হান হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার চৌধুরী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত রায়হান হোসেন ওই এলাকার আনোয়ার হোসেনের চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রায়হান বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অনুসন্ধান চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, তাঁর ছেলে রায়হান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর প্রায় ১৭ দিন পর ঢাকার একটি এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গেই ছিলেন।

পরিবারের ধারণা, গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে বা খিঁচুনির কারণে তিনি পানিতে ডুবে যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

রায়হানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন