POPULAR BD NEWS
Popular BD News Logo

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুহূর্তের ফটোফ্রেম প্রতিমন্ত্রী নূরকে উপহার দিলেন ছাত্রনেতা শাওন

মোঃ ইউসুফ বেপারী | প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ | সময়: ১০:০১ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর অন্যতম স্মরণীয় একটি মুহূর্তের স্মারক ফটোফ্রেম গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের হাতে তুলে দিয়েছেন ছাত্রনেতা শাওন।

ফটোফ্রেমটিতে স্থান পেয়েছে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণসমাবেশে জীবনের ঝুঁকি নিয়ে উঁচু খুঁটিতে উঠে জাতীয় পতাকা উত্তোলনের সেই ঐতিহাসিক দৃশ্য। আন্দোলনের উত্তাল সময়ে ধারণ করা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের সাহস, দেশপ্রেম ও প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।

জানা যায়, পতাকা উত্তোলনকারী ওই তরুণ হলেন শাওন। তিনি সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের সেই দৃশ্য তাকে আলোচনায় নিয়ে আসে।

সম্প্রতি জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে প্রস্তুত করা বিশেষ ফটোফ্রেমটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হাতে তুলে দেন শাওন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই আন্দোলনের বিভিন্ন স্মৃতিবিজড়িত ছবি ও ভিডিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এর মধ্যে শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্যটি অন্যতম আলোচিত ও অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন