আইন পেশা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, পিএইচএফ।
রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলা একাডেমিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
মহান নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজা আবুদ্দোলা চৌধুরী, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেও আমন্ত্রিত ছিলেন অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী।
চাঁদপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বর্তমানে পিস অ্যান্ড লাভ ডেভেলপমেন্ট সোসাইটি-এর চেয়ারম্যান এবং ইউথ ফোরাম বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির উপদেষ্টা এবং বাংলাদেশ পিপলস হেলথ মুভমেন্টের জেনারেল মেম্বার।
পেশাগত জীবনে তিনি ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর আজীবন সদস্য এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় হার্ট ফাউন্ডেশন ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
সমাজকল্যাণ, মানবাধিকার এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত এই নারী ব্যক্তিত্ব জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুরের প্রথম নারী যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করে এক অনন্য ইতিহাস গড়েন।
দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।