POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ত্রী হত্যার বিচার চেয়ে স্বামীর আকুতি: ‘আমার দুই শিশু সন্তানকে মাতৃহারা করা হয়েছে’

ফয়েজ আহমেদ | প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬ | সময়: ৯:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বামী সাইফুল আলম (রনি)। স্ত্রীকে হারানোর শোক, দুই অবুঝ সন্তানের ভবিষ্যৎ এবং নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আকুতি জানিয়েছেন।

রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন সাইফুল আলম। একই দিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টেও তিনি বিচার দাবি করেন।

সাইফুল আলম বলেন, ব্যবসার কাজে তিনি গাজীপুরে অবস্থান করছিলেন। হঠাৎ ফোনে জানতে পারেন, তার স্ত্রী আর বেঁচে নেই। খবর পেয়ে বাড়িতে ফিরে এসে স্ত্রীর মৃত্যুর শোকের পাশাপাশি দুই ছোট সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

তিনি বলেন, তিন ভাইয়ের সংসার ছিল হাসি-আনন্দে ভরপুর। ব্যবসা ও চাকরির কারণে আমরা বাড়ির বাইরে থাকতাম। দুই পুত্রবধূ সংসার সামলাতেন। তাদের মধ্যে সম্পর্কের এমন অবনতি হয়েছিল, তা কখনো বুঝতে পারিনি।
হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামি মীনার সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি বলেন, আমার ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশ যেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনে।

নিজের বর্তমান মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তা। তিন মাস বয়সী ছেলেটিকে তার নানীর কাছে পাঠিয়ে দিয়েছি। আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে কোনোমতে বেঁচে আছি। আমি শুধু আমার স্ত্রীর হত্যার বিচার চাই।

ফেসবুকে দেওয়া পোস্টে সাইফুল আলম আরও লেখেন, আমি আমার নিষ্পাপ স্ত্রীকে হারিয়েছি। আমার দুই শিশু সন্তান মাতৃহারা হয়েছে। এক দুধের শিশুকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? এখন আমার পুরো জীবনটাই নরকতুল্য হয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, এমন কঠিন সময়েও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের একটি অংশ তার পাশে দাঁড়ানোর পরিবর্তে তাকে নিয়েই নেতিবাচক মন্তব্য করছেন। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়ছেন।

পোস্টে তিনি প্রশাসনের উদ্দেশে লেখেন, আমি এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত খুনি এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। দ্রুত বিচার নিশ্চিত হলে আমার স্ত্রীর আত্মা শান্তি পাবে এবং আমার সন্তানরাও একদিন ন্যায়বিচার পেয়েছে বলে বিশ্বাস করতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন