চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের টানা অভিযানে ৩টি মাদক মামলায় ৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩ জন আসামীকে গ্রেফতারের পর আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার চৌকস টিম গত দুই দিনে পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযান ১: ৪ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার:
১৮ জুলাই শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী টু বসুপাড়া রোডে তফাদার বাড়ীর সামনে অভিযান চালায় এসআই মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম। এসময় শহীদ উল্লাহ (২৬), পিতা-আঃ ওহাব, সাং-পরানপুর, শাহরাস্তি এবং মোঃ মজিব (২৩), সাং-রাজাপুর, কচুয়ার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় এফআইআর নং-৩৪, জিআর নং-২২৭, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু হয়।
অভিযান ২: ২১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার:
একই দিন একই স্থানে এসআই আব্দুল কুদ্দুস ও এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রাশেদ (২৫), পিতা-আতুরের জামান, সাং-নরিংপুর মিজি বাড়ী এবং মহিন (২৮), পিতা-আব্দুল কুদ্দুছ, সাং-নরিংপুর ভূঁইয়া বাড়ী উভয় শাহরাস্তির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩২, জিআর নং-২৫, সময়-০১.১০ ঘটিকা, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা দায়ের করা হয়।
অভিযান ৩ : ২ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার:
১৯ জুলাই চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী মীর বাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসআই আব্দুল কুদ্দুস ও এএসআই শহীদুল্লাহর টিম মহিন উদ্দিন (৫৫), পিতা-মৃত তকদির হোসেন, সাং-পাথৈর বেপারী বাড়ী, শাহরাস্তির কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এফআইআর নং-৩৩, জিআর নং-২৬, সময়-০১.৩৫ ঘটিকা, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা হয়।
গ্রেফতারকৃত ৫ মাদক কারবারীসহ অন্যান্য অপরাধের ৮ জনকে মোট ১৩ জন আসামীকে আজ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক নির্মূলে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”