মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষণার ভিত্তিতে সঠিক তালিকা তৈরি করে শহীদদের যথাযথ সম্মান জানানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে স্বাধীনতার পর শহীদদের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।
তিনি জানান, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।