POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপ্নার মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় একটি ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননী নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গায় অবস্থিত নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুন নাহার স্বপ্না মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তাঁর বাবা নজরুল ইসলাম এবং মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বড় ভাই মোতালেব হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথম স্বামী ওমর ফারুকের সঙ্গে সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানায়। তবে এ সংসারে তাঁদের কোনো সন্তান ছিল না।সর্বমোট ৪ সন্তানের জননী হন তিনি।

স্থানীয়রা জানান, মাত্র চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার সকাল আনুমানিক ৮টার কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাঁর শিশুসন্তানরা কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাসায় গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসার মালিক পক্ষ মেহেদী হাসান জানান চার দিন আগে তার স্বামীর পরিচয়ে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী মহিলাটির জন্য বাসা ভাড়া নেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন