POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে সিপাইকান্দি গ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সুমন আহমেদ | প্রকাশিত: জুলাই ১০, ২০২৬ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি গ্রামটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। মাদক নির্মূলে জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই সিপাইকান্দিসহ মতলব উত্তরের প্রতিটি গ্রামকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। যারা মাদককে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সালাউদ্দিনেী সভাপতিত্বে এবং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক একে এম গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, এসআই সবুজ, মুসল্লী জিল্লুর রহমান সিপাই ও মাজহারুল ইসলাম মাসুম।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার এসআই আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিসান, সমাজসেবক দেলোয়ার হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান তারেক, মাজহারুল ইসলাম, মো. কুদ্দুস, হোসেন আহমেদ, নাঈম মিয়াজি’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন