টানা ভারী বৃষ্টিতে হাজীগঞ্জ পৌর বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে রাতভর একটানা বৃষ্টি হয়। ফলে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক, দোকানপাট ও নিচু এলাকায় পানি জমে যায়।
চাঁদপুর আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় আজ সকাল ৬টা পর্যন্ত চাঁদপুর জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে রাস্তায় হাঁটুসমান পানির কারণে শিক্ষার্থীসহ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।