অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে একের পর এক সাফল্যের গল্প লিখেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সারমিন বৃষ্টি। তিনি একসাথে ৪টি সরকারি চাকরিতে সফল হয়েছেন। এর মধ্যে রয়েছে বহু আকাঙ্ক্ষিত ৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডার।
সারমিন বৃষ্টি হাজীগঞ্জের ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের হাজী বাড়ির সন্তান। পিতা সেলিম মিয়া ও মাতা হেলেনা বেগম। স্বামী রেজাউল করিম।
শিক্ষা জীবনে তিনি ২০১৬ সালে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে নাসিরকোট শহীদ স্মৃতি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি যে ৪টি চাকরিতে সফল হয়েছেন সেগুলো হলো: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনিয়র অফিসার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক – বি-২০২৩, অফিসার ক্যাশ, প্রবাসী কল্যাণ ব্যাংক – বি-২০২২, প্যানেল ও বিসিএস শিক্ষা ক্যাডার – ৪৭তম বিসিএস।
সারমিন বৃষ্টির এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত। তার এই অর্জন এলাকার উদীয়মান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।