চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মতলব দক্ষিণ উপজেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও কেএম ইশমাম বলেন, উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ প্রত্যয়ে উপস্থিতদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।