POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব প্রেসক্লাবের সদস্য সোহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য এবং উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি সোবহান ফারুক (৪৪) আর বেঁচে নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে এগারোটায় ধানমন্ডি ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব ও সহকর্মীবৃন্দ রেখে গেছেন। তার জন্মস্থান মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে এবং দীর্ঘদিন যাবৎ মতলব পৌরসভার পূর্ব কলাদীতে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করতেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল দশটায় মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন পূর্ব কলাদী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মোবারক হোসেন। জানাজার পূর্বে সাংবাদিক সোবহান ফারুকের সম্পর্কে স্মৃতিচারণ করেন তার চিকিৎসার জন্য যিনি সবচেয়ে বেশী সহযোগিতা করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: মাহাবুবুর রহমান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম এবং তার মহল্লার প্রতিবেশী আব্দুল হান্নান অপু।
মরহুমের দ্বিতীয় জানাজা নিজ গ্রাম আশ্বিনপুর ঈদগাহ মাঠে বাদ জুমা অনুষ্ঠিত হয়।পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোবহান ফারুক কয়েক বছর আগে ষ্ট্রোক করার পর থেকে একটি হাত ও একটি পা প্যারালাইসিস হয়ে যায়। এ ছাড়া তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।তার শারিরীক অবস্থা যখনই বেগতিক হয় তখনই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়।সেখান থেকে কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসেন তার পরিবার। গত কয়েকদিন যাবৎ হঠাৎ করে তার অবস্থা বেগতিক হলে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

সেখানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় প্রেরণ করা হয়। ধানমন্ডি ইডেন মাল্টি কেয়ার প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাংবাদিক সোবহান ফারুক একজন ধার্মিক ছিলেন। তিনি পূর্ব কলাদী জামে মসজিদ কমিটির দায়িত্বেও ছিলেন। অসুস্থ হওয়ার পূর্বে তিনি মতলব বাজারে ফুলের ব্যবসা করতেন। পাশাপাশি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।মতলব প্রেসক্লাবের বাহিরেও তিনি মতলব উপজেলা রিপোটার ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বোপরি সাংবাদিক সোবহান ফারুক একজন সদালাপী ও হাস্যজ্জোল লোক ছিলেন।

তার মৃত্যুতে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়া মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতলব উপজেলা রিপোটার ইউনিটির পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। অপরদিকে মতলব উত্তর প্রেসক্লাব এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও সাংবাদিক সোবহান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন সে কামনা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন