চাঁদপুর-৩ আসনের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ২৮ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রের স্মারক নং- ০৩.০০.২৬৯০.০০৫.১৪.০০০১.২৬-২২৯। এরআগে তিনি মে মাসে চাঁদপুর সফরে গিয়ে এক শিক্ষার্থীর মৌখিক প্রস্তাবনায় প্রতিশ্রুতি দেন।
পত্রে যা বলা হয়েছে:
সংসদীয় আসন ২৬২, চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ গত ২৮ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী বরাবর একটি আধা-সরকারি পত্রে চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এমতাবস্থায় চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্থানীয় প্রতিক্রিয়া:
চাঁদপুর-৩ আসনের জনগণ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল কলেজের অবকাঠামো উন্নয়ন ও নতুন ক্যাম্পাস নির্মাণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনার পর স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এলাকাবাসী বলছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কথা রেখেছেন।
এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শিক্ষার উন্নয়নে আন্তরিক। তাঁর নির্দেশনায় দ্রুতই নতুন ক্যাম্পাসের কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।
অনুলিপি দেওয়া হয়েছে:
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে।
চাঁদপুর সরকারি কলেজ জেলার অন্যতম প্রাচীন ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির কারণে বর্তমান ক্যাম্পাসে স্থান সংকুলান না হওয়ায় নতুন ক্যাম্পাসের দাবি ছিল দীর্ঘদিনের।