POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

টাইব্রেকারের নাটকীয়তায় মামুন ফুটবল একাদশকে হারিয়ে হানিরপার স্পোর্টিং ক্লাবের জয়

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৯:০২ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে টাইব্রেকারের রোমাঞ্চে ৪-৩ গোলে মামুন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে হানিরপার স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৯ জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দর্শকদের জন্য দারুণ উপভোগ্য। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে আরও একটি করে গোল করে দুই দল। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা বিরাজ করায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুর্দান্ত স্নায়ুচাপের লড়াই শেষে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে হানিরপার স্পোর্টিং ক্লাব।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠজুড়ে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি গোল, আক্রমণ ও টাইব্রেকারের মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন