POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ফুটবল খেলে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৯:২৮ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)।

শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজার ৫নং খেয়াঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় যুবকরা তফাদার রাইস মিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। একই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।

নিহত রাহাত মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজো ছেলে। সে পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পরিবারসহ মধুসূদন স্কুল মাঠের পাশে মানিক লস্করের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয়রা জানান, সকালে মাঠে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে রাহাত। সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয় যুবক মামুনসহ কয়েকজন নদী থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন