চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহরাস্তি পৌরসভার নিজমেহার এলাকায় এ অভিযান চালায় শাহরাস্তি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: নিজমেহার তালতলা তালুকদার বাড়ির মোহাম্মদ কাউছার আলম (৩৫), মো. আবু সুফিয়ান শুভ (২৬) এবং মো. ইব্রাহীম খলিল রতন (২৯)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. শমসেদ হোসেন ও এএসআই মো. শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম নিজমেহার ঠাকুর বাড়ির সামনে খিলা-কালী বাড়ি রোডে অভিযান চালায়। এসময় ওই তিনজনকে তাদের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং-৪০, তারিখ: ২৬ জুন ২০২৬; জিআর নং-১৮৫। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।