বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রকল্প প্রশিক্ষণ পরিচালক মোঃ মইনুল ইসলাম বলেছেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার (২৪ জুন) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত আনসার ভিডিপি ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মইনুল ইসলাম বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তুলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করছে। শুধু মৌলিক প্রশিক্ষণ নয়, সদস্যদের আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন ভোকেশনাল ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের, পরিবারের এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আনসার ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে ভিডিপি কার্যক্রমকে নতুনভাবে শক্তিশালী করেছিলেন। তার দূরদর্শী উদ্যোগের ধারাবাহিকতায় আজও প্রান্তিক পর্যায়ের যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও চাচ্ছেন তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষণ মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, তাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বী। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।