বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আবীর আলম। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে টানা তিন বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি এই গৌরবজনক অর্জন লাভ করেন।
১৮ জুন অনুষ্ঠিত কমিশনিং প্যারেডে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট র্যাংক ব্যাজ পরিধান করেন আবীর আলম। তিনি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মিয়াজী বাড়ির সন্তান।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে তার বাবা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খোরশেদ আলম এবং মা আমেনা বেগম নিজ হাতে তার কাঁধে লেফটেন্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করে।
হাজীগঞ্জে পারিবারিক শিকড় থাকলেও আবীর আলমের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বর্তমানে অবসর জীবন যাপন করছেন।
আবীর আলমের এই সাফল্যে উচ্ছ্বসিত এন্নাতলী গ্রামের সর্বস্তরের মানুষ। স্থানীয়রা মনে করেন, তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তার কমিশন লাভের খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী নবীন এই সেনা কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
লেফটেন্যান্ট মো. আবীর আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্যের জন্য তার বাবা-মা ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে কর্মক্ষেত্রে আরও সম্মান, মর্যাদা ও সাফল্য দান করেন—এ কামনা করেছেন স্বজনরা।