POPULAR BD NEWS
Popular BD News Logo

৩-০ গোলে হাইতিকে হারিয়ে ব্রাজিলের জয় চাঁদপুরে সমর্থকদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ১০:৩৯ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে চাঁদপুর। ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জেলার ব্রাজিল সমর্থকরা। ম্যাচ শেষে বিজয় উদযাপনে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা।

খেলাটি উপভোগ করার জন্য চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে মোশারফ ফাউন্ডেশন। খোলা মাঠে শত শত দর্শক একত্রিত হয়ে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করেন। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশ ধারণ করে। এ সময় মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জার্সি উপহার দেওয়া হয়।

খেলা দেখতে আসা ফুটবলপ্রেমী রাকিব হোসেন বলেন, “এত বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। মনে হয়েছে যেন আমরা স্টেডিয়ামেই বসে খেলা দেখছি। ব্রাজিলের জয়ে আনন্দটা আরও বেড়ে গেছে।”

আরেক সমর্থক সজীব মল্লিক বলেন, “চাঁদপুরে এ ধরনের আয়োজন খুব কম দেখা যায়। বন্ধুদের সঙ্গে একসাথে খেলা দেখে অনেক ভালো লেগেছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ব্রাজিল সমর্থক নাঈম আহমেদ বলেন, “ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল আমাদের মুগ্ধ করেছে। দলের জয়ে আমরা খুবই আনন্দিত। বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ।”

স্থানীয় দর্শকরা জানান, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে। তাই বিশ্বকাপ উপলক্ষে সাধারণ মানুষের জন্য উন্মুক্তভাবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বকাপের প্রতিটি দলের খেলা এই বিশাল এলইডি স্কিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেনের বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, এমন ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা প্রশংসার দাবিদার।

ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা এই সুন্দর আয়োজনের জন্য মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইনের প্রতি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন