POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর স্কাউটসের উদ্যোগে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী বাংলা পড়তে পারে না : ইউএনও মাহমুদা কুলসুম মনি

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইউনিট লিডারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের দায়িত্বশীলতা এবং প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা কুলসুম মনি। উপজেলা কাব স্কাউটসের সহকারী কমিশনার শ্যামল কুমার বাড়ৈর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ মোল্লা, শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী নাবিল রায়হান তাজমিম সাইফ এবং উপজেলা স্কাউটস কমিশনার সুকরঞ্জন বিশ্বাস।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আমি বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে দেখেছি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীই বাংলা রিডিং ঠিকমতো পড়তে পারে না। কেন পারে না, সেই দায়ভার শিক্ষকদের এড়ানোর সুযোগ নেই। শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। আপনারা যদি এক সপ্তাহও নিবিড়ভাবে তাদের পরিচর্যা করেন, তাহলে তারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

তিনি বলেন, আগামী মাসের সমন্বয় সভায় শিক্ষার্থীদের পাঠ দক্ষতা উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে শিক্ষকদের মতামত ও অগ্রগতি জানাতে হবে।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ইউএনও বলেন, শুধু মিড-ডে মিল দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা যাবে না। তাদের জন্য আনন্দমুখর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়।

প্রান্তিক এলাকার মেধাবী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের খুঁজে বের করে স্কাউটিংসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

শিক্ষকদের প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ কম হওয়ায় আক্ষেপ প্রকাশ করে ইউএনও বলেন, আপনারা যারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, তাদের অনেকেই প্রতিযোগিতায় অংশ নেননি। কোথাও এক থেকে তিনজন অংশগ্রহণ করেছে, সেখান থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করতে হয়েছে। তাহলে আপনারা প্রতিযোগিতায় অংশ নিতে এত ভয় পান কেন?

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্কাউট নেতা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এসময় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরও সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) আ খ ম বাহাউদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) মমতাজ বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মো. খাইরুজ্জামান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) তফুরা ইয়াসমিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) শ্যামল কুমার বাড়ৈ, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) ফরিদা ইয়াসমিন। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলার আরও বেশি শিক্ষার্থীকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন