ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজনে প্রথমে সাধারণ সভা এবং পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক আক্তার হোসেন আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
বেলা তিনটায় শুরু হওয়া নির্বাচনে ৪০ জন সদস্য ভোট দেন। সভাপতি পদে দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবুহেনা মোস্তফা কামাল ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী পান ৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী ছিলেন। চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে সময়ের আলোর ইকবাল হোসেন ১১ ভোট, আমাদের সময়ের আনিছুর রহমান সুজন ৬ ভোট, জাকির হোসেন সৈকত ৪ ভোট এবং নয়া দিগন্তের শাকিল মুশফিক ৩ ভোট পান। একটি ভোটে সিল না থাকায় বাতিল হয়।
আগামী ২০ জুন শনিবার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। নতুন কমিটির মেয়াদ দুই বছর।
নবনির্বাচিত সভাপতি আবুহেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা সবাই এক পরিবারের সদস্য। বিপদে-আপদে একে অপরের পাশে থাকব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।