POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে পড়ে প্রবাসফেরত শ্রমিকের মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউক্যালিপটাস গাছ কাটার সময় নিচে পড়ে মমিন হোসেন (৪৫) নামে এক প্রবাসফেরত শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন হোসেন একই ইউনিয়নের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন মমিন হোসেন। এরপর দিনমজুর হিসেবে বিভিন্ন শ্রমভিত্তিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ভাতিজা মানিক জানান, রোববার সকালে পাশের সাইসাঙ্গা গ্রামে একটি ইউক্যালিপটাস গাছ কাটার কাজে যান মমিন। গাছটির অর্ধেক অংশ কাটার পর হঠাৎ পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমিন হোসেনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন