শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে এক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে দেশের সার্বিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির পথ আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌতুকমুক্ত সমাজ গঠন এবং সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলো বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।
তিনি আরও বলেন, দারিদ্র্যপ্রবণ কিছু এলাকায় অতীতে মাদক চোরাচালান ও যৌতুকের মতো সামাজিক সমস্যা ছিল। এসব সমস্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সমন্বয়ে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিহ্নিত এলাকাগুলোতে সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রয়েছে এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে এসব অপসংস্কৃতি প্রতিরোধ করা সম্ভব হবে।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. শাহ আলম, যুগ্ম সচিব ও উপ-প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা।
আলোচনা পর্ব শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।