POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে সম্পত্তি বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত সুমন পলাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১, ২০২৬ | সময়: ১০:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় দুইদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে গিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

নিহত আব্দুল মান্নান পাটওয়ারী ওই গ্রামের মৃত সিডু পাটওয়ারীর ছেলে। বয়সজনিত কারণে তিনি অবসর জীবনযাপন করছিলেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে।

স্থানীয়দের দাবি, শনিবার বিকেলে মান্নান পাটওয়ারীর প্রতিবন্ধী ছোট ভাই হারুন পাটওয়ারী নিজের জায়গায় গাছ লাগালে তা উপড়ে ফেলে সুমনের মা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে সুমন পাটওয়ারী লোকজন নিয়ে এসে হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারধর করে। খবর পেয়ে মাগরিবের নামাজ শেষে ঘটনাস্থলে গেলে মান্নান পাটওয়ারীকেও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মান্নান পাটওয়ারীর মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, সুমন পাটওয়ারীর নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাড়ির গেটে তালা ঝুলতে দেখা গেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মান্নান পাটওয়ারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন