POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৬ | সময়: ১:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের তুলপাই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকার হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের হাত-পা বাঁধা ছিল। মাথা, ঘাড় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নুরুল ইসলামের স্বজনরা জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শনিবার তার ছোট ছেলে সানাউল্যাহ কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের স্ত্রী দাবি করেন, তার স্বামীর কোনো শত্রু ছিল না। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খুনিদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানান তিনি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, নিখোঁজের পরদিন নিহতের ছেলে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ বাড়িতে নিয়ে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন