চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের টোরাগড় পেট্রোল পাম্পের সামনে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকালে বাসের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই বাসের প্রতিযোগিতার কবলে পড়ে মারা যান তিনি।
নিহতের নাম বিল্লাল হোসেন, বয়স ৪৮। তিনি হাজীগঞ্জ পৌরসভা সংলগ্ন ডক্টরস্ সিটি স্ক্যানের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় তিনি চাপা পড়েন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাস দুটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, তার তিন সন্তান রয়েছে। তিনি শাহরাস্তি উপজেলার মুড়াগাঁও ভুঁইয়া বাড়ীর বাসিন্দা ছিলেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, দুর্ঘটনায় জড়িত বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের একটি করে বাস জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।