POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গৃহবধূর ঘরে প্রবেশের চেষ্টা, হুমকি ও হয়রানির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৮, ২০২৬ | সময়: ১০:০২ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর মজুমদার বাড়ী এলাকায় এক গৃহবধূ প্রতিবেশীদের বিরুদ্ধে ঘরে প্রবেশের চেষ্টা, দীর্ঘদিন ধরে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জোসনা আক্তার দাবি করেন, তার স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে কটূক্তি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। বিষয়টি পরিবার ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার বসতঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টর্চলাইটের আলো দেখে তিনি চিৎকার করলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। অভিযোগ অনুযায়ী, পরে অভিযুক্ত পক্ষ তাকে ও উপস্থিত সাক্ষীদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা জানিয়েছেন অভিযোগকারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন