মধ্যপ্রাচের সাথে মিল রেখে চাঁদপুরের অর্থশত গ্রামে আগামীকাল বুধবার পালিত হবে পবিত্র ঈদুল আযহা। মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদ্রা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
সকাল ৮টা ৩০ মিনিটে ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি বরবেন সাদ্রা দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। আর দ্বিতীয় জামাত সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
এই আগাম ঈদ উদযাপনে সামিল হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের সচেতন মুসল্লিরা কাল এই ধর্মীয় উৎসবে অংশ নেবেন।
১৯২৮ সালে আগাম ঈদসহ এই ধর্মীয় রীতি ও প্রথা প্রথম চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ইসহাক চৌধুরী (রহ.)। তাঁর মৃত্যুর পর থেকে সন্তান ও অনুসারীরা এই রীতি মেনে আসছেন।