চাঁদপুরে পৃথক ঘটনায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চাঁদপুর সদর উপজেলায় বজ্রাঘাতে শুক্কুর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার লুদেরগাঁও মুন্সিবাড়ীতে এ ঘটনা ঘটে।
তার পরিবার জানায়, শুক্কুর আলম নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে জেলার শাহরাস্তি ও হাইমচরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়। রবিবার হাইমচর চরভাঙ্গা নতুন বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
হুমায়রা আক্তার হাইমচর পুরান বাজারের কাঠের ব্যবসায়ী মো. আমীর হোসেন চৌকিদারের মেয়ে। সে হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাজধানীর চানখাঁরপুল এলাকায় পৌঁছালে শিশু হুমায়রা মারা যান।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক অটোরিকশার চালক রাকিব হাসানকে (১৫) আটক করা হয়েছে।
অপরদিকে জেলার শাহরাস্তির শিবপুর বাংলাবাজার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি দোয়াভাঙ্গার মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ-এর মালিক। এ ঘটনায় আরও দু’জন আহত হয়।
ঈুলিশ জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করেন রবিউল আলম খোকন। এসময় দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়ে মারা যান তিনি। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।