POPULAR BD NEWS
Popular BD News Logo

ককটেল বিস্ফোরণ, দোকানে আগুন,

ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও চাঁদা না দেয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৬ | সময়: ৭:৫৯ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও চাঁদা না দেয়াকে কেন্দ্র করে  সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ও একটি ডিজেল পেট্রোলের দোকানে অগ্নিসংযোগ দেয়া হয়। এতে পাশে থাকা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানাসহ একটি হোমিওপ্যাথিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। মাদ্রাসায় ঈদের ছুটি থাকায় কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনা বোরহান গাজীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাতেই যুবদল নেতা বোরহান গাজীকে ১৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার প্রসঙ্গে আহতরা বলেন, নিয়ম মেনে পৌরসভা থেকে ওয়ারলেস বাজারের ইজারা পায় আরিফুল ইসলাম মিশু। বাজারের পাশে যুবদল নেতা বোরহান গাজী ও তার দলবল নিয়ে সড়কের জায়গায় অবৈধ দোকান বসিয়ে দেয়ার নামে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছে। ইজারাদার আরিফুল ইসলাম মিশুসহ কয়েকজন এর প্রতিবাদ করতে গিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় আহতদের চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন